সংস্কার শেষে পুনরায় চালু হলো আশুগঞ্জ পাবলিক লাইব্রেরি


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কার ও আধুনিকায়ন শেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাবলিক লাইব্রেরির পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইব্রেরির উদ্বোধন করেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, দৈনিক নয়া দিগন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক, লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য জায়েদুল হক জাবেদ মুন্সী ও শরীফুল ইসলাম মিলন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, আশুগঞ্জ কাচারি জামে মসজিদের খতিব মুফতি মোশাররফ হোসাইন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। তিনি বলেন, “পাবলিক লাইব্রেরিকে কেবল বইয়ের ভাণ্ডার হিসেবে নয়, বরং জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে।”
তিনি তরুণদের লাইব্রেরিমুখী করতে নিয়মিত বই পড়া প্রতিযোগিতা, পাঠচক্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, দীর্ঘদিন লাইব্রেরিটি বন্ধ থাকায় জ্ঞানপিপাসু মানুষ বঞ্চিত ছিল। পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।



