পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে।
আজ বুধবার সকালে জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
তারেক রহমান প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ইশতেহারে শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৪৮৯ এবং এরমধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সংসদকে বলেন, আগামী পহেলা জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হওয়ার পর অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম থেকে সম্ভাব্য অর্জনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে বর্তমান সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। এ লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নে কাজ করছে।
এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়। দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংসদ নেতারা।



