পঞ্চগড়

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান

মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট। সোমবার দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত জেলার ১০০টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এসব সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পঞ্চগড় ইউনিটের সভাপতির পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা, রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের সহ-সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা মো. মফিজ উদ্দীন ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও পঞ্চগড় ইউনিটের কার্যকরি সদস্য মোশারফ হোসেন, কার্যকরী সদস্য শিশির আসাদ, হায়াতুন আলম, নাসির উদ্দিন সহ পঞ্চগড় ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে জানায়, ঝড়ে তাদের ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, প্রতিটি পরিবারকে সহায়তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাইজিন পার্সেল হিসেবে গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি প্যাড, টয়লেট টিস্যু, টয়লেট ব্রাশ, নখ কাটার যন্ত্র, টুথ পেস্ট, ব্রাশ, হাত ধোয়ার তরল সাবান, হ্যান্ড ওয়াশ রিফিল প্যাক, নারিকেল তেল, চিরুনি, তোয়ালে, হাড়ি-পাতিল, তাবু সহ তাবু টানানোর যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ