ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা একে এম নাছির উদ্দীন নান্নু বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ জনতা।
৪ই এপ্রিল বিকালে মদনপুরের পাটোয়ারী বাজারে কয়েক”শ নারী-পুরুষ হাতে ঝাড়ু নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একে এম নান্নু আওয়ামীলীগের আমলে মদনপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, চেয়ারম্যান থাকা অবস্থায় সকল কিছু লুটপাট করেছে। এখন আবার কোর্টের মাধ্যমে নাকি চেয়ারম্যান ফিরে পেয়ে আওয়ামীলীগ প্রতিষ্ঠা ও লুটপাটের রাজত্ব কায়েম করতে চায়।
আওয়ামীলীগের আমলে যা করেছে তা পূণরায় করার পায়তারা করলে কঠিন ভাবে প্রতিহত করার হুঁশিয়ারী দিয়েছে বক্তারা।
মানববন্ধনে শেষে স্বৈরাচারের আস্তানা মদনপুরে থাকবে না, একে এম নান্নুর আস্তানা এ মদনপুরে থাকবে না সহ বিভিন্ন স্লোগানে বাজারের চারপাশে প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এসে শেষ করে, ব্যানারে থাকা নান্নু ডাক্তারের ছবি ও তার ছেলের ছবিতে ঝাড়ু পেটা করেন নারীরা।
এ বিষয়ে একে এম নাছির উদ্দীন নান্নু বলেন, আমি এবিষয়টি অবগত নই,তবে মহামান্য হাইকোর্ট আমাকে চেয়ারম্যান পদে বহাল থাকার আদেশ দেন, পরবর্তীতে আমি মাননীয় সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করে তার আশির্বাদ নিয়ে পরিষদ পরিচালনা করেছি।
আমি ইতিপূর্বে তার দল করলেও মাঝখানে আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলাম।



