মির্জাপুরে শিক্ষককে রাজসিক বিদায়


সাইফুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিদ্যালয়ের ঘন্টার শব্দে নয় বরং ভালোবাসার ঢেউয়ে শেষ হলো একটি শিক্ষকতার অধ্যায়। চক-ডাস্টারের ধুলো ছেড়ে হাজারো শিক্ষাথীর জীবনে স্বপ্ন এঁকে যিনি কাটিয়েছেন জীবনের সেরা সব মুহুত সেই শিক্ষককে বিদায় জানাতে এদিন বিদ্যালয়ের আঙিনায় হয়ে উঠেছিল সেরা মঞ্চ। তাঁর প্রাক্তন শিক্ষাথীরাও তার শেষ বিদায়ে অংশীদার হতেই রাজসিক বিদায়ের ব্যবস্থা করেন।
টাঙ্গাইলের মির্জাপুর সদরের সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক আবুল বাশারের বিদায়টা ছিল একেবারেই ভিন্ন। দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে তিনি যখন বাড়ির পথে রওনা দেবেন তখন গাড়ির বদলে বাহন হলো ঘোড়ার গাড়ি। আর তার সাথে যুক্ত হয় বাদ্যযন্ত্রে বিভিন্ন গানের সুর। রাজকীয় নয় বরং শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসায় সাজানো এক রাজসিক বিদায়যাত্রা। অবসরোত্তর এ ব্যতিক্রমী বিদায়ে আবেগাপ্লুত তার সহকর্মী শিক্ষকেরাও।

সোমবার ৩০ মার্চ মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক বিদায় শেষে দুপুরে তিনি নিজ বাড়ি উপজেলার তেলিনা এলাকার উদ্দেশে রওনা হন। আর তাঁর সফরসঙ্গী হিসেবে তাকে বাড়ি পৌছে দিতে প্রস্তুত উপজেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে বিদ্যালয়ের সকলে।
এরআগে বিদ্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মধ্য দিয়ে তাকে সম্মান জানানো হয়। পরে বিদ্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় স্মৃতিচারণ করা হয় তার দীর্ঘ কর্মজীবন ও শিক্ষাদানের নানা দিক নিয়ে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
তারা বলেন, আবুল বাশার তিনি ছিলেন, আদর্শ শিক্ষকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর অবদান এলাকাবাসী আজীবন স্মরণ করবে।
একজন শিক্ষক হিসেবে ২৯ বছর যাবৎ আবুল বাশার শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না বরং শিক্ষার্থীদের ভবিষ্যত গড়ার নিরলস পথ-প্রদর্শকও ছিলেন।



