ব্রাহ্মণবাড়িয়ায় ইপিজেড স্থাপনের উদ্যোগ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখ পীর এলাকায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিকভাবে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভাবনাময় এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় শিল্পায়নের গতি বাড়বে এবং বিপুলসংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে কসবা উপজেলার সার্বিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।
এদিকে, ইপিজেড স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)-এর চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, বিনাউটি ইউনিয়নের তিনলাখ পীর এলাকা ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রোথ সেন্টার হিসেবে পরিচিত।
ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। পাশাপাশি আখাউড়া রেলওয়ে জংশন ও স্থলবন্দরের নিকটবর্তী হওয়ায় পণ্য পরিবহন ও কাঁচামাল সংগ্রহে এলাকাটি বিশেষ সুবিধাজনক।
রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় এ অঞ্চলকে শিল্পায়নের জন্য অত্যন্ত উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আবেদনে আরও বলা হয়, এলাকায় বিপুলসংখ্যক প্রবাসী জনগোষ্ঠী রয়েছে, যারা বিদেশে অর্জিত দক্ষতা দেশে কাজে লাগাতে পারবেন। ফলে ইপিজেড স্থাপিত হলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কসবা উপজেলার বাসিন্দারা।
পাশাপাশি কসবা উপজেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
আবেদনকারী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা,দ্রুত সময়ের মধ্যে ইপিজেড প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কসবা উপজেলায় কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।



