ভোলায় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ পাহারায় তেল বিক্রি


ইয়ামিন হোসেন: জ্বালানি তেলের সরবরাহে সাময়িক ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভোলার একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রির ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে ভোলা কলেজ সংলগ্ম এ রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন।
প্রতিটি মোটরসাইকেলে ২শ টাকা করে দেওয়া হচ্ছে তেল৷ তবে সেখানে উপস্থিত অনেক চালক অভিযোগ করেন, বিভিন্ন পাম্পে তেল মজুত থাকার পরেও কোন যানবাহনকে তেল দেওয়া হচ্ছিল না। এ নিয়ে একপর্যায়ে পাম্প এলাকায় হট্টগোল শুরু হয়। ক্ষুব্ধ চালকরা চিৎকার করে বলেন, ‘যদি তেল দেওয়াই না হয়, তাহলে দড়ি বেঁধে পাম্প বন্ধ করে রাখলেই পারতো। অযথা আমাদের হয়রানি করার দরকার কী?
চালকরা বলেন, পুলিশ পাহারায় থাকলেও কোন লাভ হচ্ছে না, পাম্পে কতক্ষণ তেল দিয়ে আবার বন্ধ করে দিচ্ছে, পুলিশকে পাম্প কর্তৃপক্ষ যা বলে সেটাই শুনে৷



