ভোলা

ভোলার ইলিশাঘাটে গাড়ীতেই পঁচে যাচ্ছে লাখ লাখ টাকার তরমুজ

ইয়ামিন হোসেন, ভোলা: ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীবাহী বাসের চাপ ও ফেরিসংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে পঁচে যাচ্ছে লাখ লাখ টাকার তরমুজ।

তরমুজবোঝাই ট্রাকগুলো ঘাটে এসে তিন থেকে চার দিন অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছে না।

এতে লোকসানের মুখে তরমুজ ব্যবসায়ী ও ট্রাকচালকরা।

আজ (২৮শে মার্চ) বিকালে ইলিশা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে প্রায় তিন কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন। এর মধ্যে বেশির ভাগ ট্রাকেই তরমুজ বোঝাই করা।

এর মধ্যে অনেক ট্রাক তিন থেকে চার দিন আগে এসেও এখনো পারাপার হতে পারছে না। এতে ট্রাকে থাকা তরমুজ ও কাঁচামাল নষ্ট হওয়ার পথে।

এক চালক জানান, তিন দিন আগে চরফ্যাশন থেকে দুই হাজার তরমুজ নিয়ে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে ইলিশা ফেরিঘাটে এসেছেন। কিন্তু এখনো ফেরি পার হতে পারেননি। ফেরির লোকজন ফেরিতে যাত্রীবাহী বাস ছাড়া অন্য কোনো গাড়ি উঠতে দিচ্ছে না।

তিন দিন ঘাটে বসে থেকে তাঁর গাড়িতে থাকা বেশির ভাগ তরমুজ থেকে পানি ঝরছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তাঁরা ভাড়ার টাকাও পাবেন না।

ব্যবসায়ী নুরুল ইসলাম বেপারী জানান, তিন গাড়ীতে তার প্রায় ৫ হাজারের অধিক তরমুজ নিয়ে দুইদিন ইলিশাঘাটে আটকা, কবে নাগাদ ফেরি পাবে সেটাও জানা নেই।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি ভোলার ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. কাওছার হোসেন বলেন, যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার দিতে গিয়ে পণ্যবাহী ট্রাকগুলো কম পার হচ্ছে। এই সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফেরি বাড়ানোর জন্য বলা হয়েছে। ফেরিগুলো এলে যানজট কমে যাবে।

এই বিভাগের আরও সংবাদ