সিলেটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন


আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এ দিনটি এক মহিমান্বিত মাইলফলক, যা আমাদের আত্মত্যাগ, সংগ্রাম, সাহসিকতা ও অদম্য চেতনার প্রতীক হিসেবে চিরভাস্বর হয়ে আছে। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অগ্নিঝরা আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করে একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ।
মহান এই দিবস আমাদের জন্য শুধু অতীতের গৌরবগাথা স্মরণের দিন নয়, বরং এটি আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। বীর শহীদদের অতুলনীয় আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের অদম্য সাহস আমাদের জাতীয় চেতনার মূলভিত্তি হিসেবে চিরকাল প্রেরণা জোগাবে।
এ মহান দিবস যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষ্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান এর নেতৃত্বে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সকল কর্মকর্তা সূর্যোদয়ের প্রারম্ভে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়।
পরবর্তীতে তিনি সিলেট জেলা পুলিশ লাইন্সে অবস্থিত স্মৃতি চিরন্তন স্মৃতিস্তম্ভ এবং স্মৃতি ৭১ গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন। ডিআইজি মহোদয় ও উপস্থিত কর্মকর্তাগণ এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ আয়োজনের মাধ্যমে স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে আরও সুদৃঢ়ভাবে প্রোথিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এরপর সকাল ০৯.০০ ঘটিকায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। ডিআইজি মহোদয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শৃঙ্খলা, দেশপ্রেম, নৈতিকতা ও মনোবলকে উচ্চ প্রশংসায় ভূষিত করেন। এ সময় তিনি ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশাসন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল হক, পুলিশ সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি, ভারপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি এএন্ডএফ, রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট; মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার এডমিন অ্যান্ড ফিন্যান্স, রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট; মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার অপারেশন্স অ্যান্ড ট্রাফিক, রেঞ্জ ডিআইজি কার্যালয়, সিলেট এবং অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট। এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সিলেটস্থ সকল পুলিশ ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করা হয়। একইসঙ্গে একটি নিরাপদ, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।





