ভোলায় ভাড়া নৈরাজ্য, পায়ে হেঁটে পাড়ি দিচ্ছে যাত্রীরা


ইয়ামিন হোসেন, ভোলা: রাত পোহালেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর৷ এ উপলক্ষে প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে এসে চরম ভোগান্তিতে পড়েছে দ্বীপ জেলার ভোলার ঘরমুখো লাখো মানুষ। ঘন্টায় ঘন্টায় অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে ফিরছে লঞ্চ। তিল রাখার জায়গা না থাকায় তীব্র গরমে নাভিশ্বাস হয়ে উঠেছে যাত্রীরা।
লঞ্চ ঘাটে নেমে যানবাহন না পেয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে যাত্রীদের। অনেকে যানবাহন পেলেও গুণতে হচ্ছে দশগুণ ভাড়া। অতিরিক্ত ভাড়া দিতে না পারা মানুষরা হেটেই যাচ্ছে প্রিয়জনদের কাছে। ঢাকা গাজীপুর থেকে ভোলার লালমোহনের বাসিন্দা আছমা বেগম একজন গার্মেন্টস কর্মী।
বেতন বোনাসে ১৮ হাজার টাকা পেয়েছেন, স্বজনদের সাথে ঈদ কাটাতে দুই সন্তানসহ ভোলার ইলিশাঘাটে পৌছতে সাড়ে তিন হাজার টাকা খরচ হয়েছে। আর ইলিশাঘাট থেকে লালমোহন যেতে সিএনজি ভাড়া চাচ্ছে ১৫শ টাকা।
আছমা বেগম বলেন, বাড়ীতে পৌঁছতে যদি ৫ হাজার টাকা তিনজন মানুষের ভাড়া দিতে হয়, তাহলে এ ভাড়া দিয়ে তো ভারত ঘুরে আসা যাবে। ভোলার চরসামাইয়ার বাসিন্দা লোকমান মাঝি এসেছে চট্রগ্রাম থেকে।
তিনি জানান, ইলিশাঘাট থেকে চরসামাইয়া সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা হতে পারে কিন্তু সেখানে সিএনজি-অটোতে দশগুণ বেশি ভাড়া চাচ্ছে। পায়ে হেঁটে পথচলা যাত্রী শফিক আহমেদ জানান, যে টাকা ভাড়া চাচ্ছে আর ঈদ করা লাগবে না৷ তাই পায়ে হেঁটেই যাচ্ছি৷
এদিকে ভাড়া নৈরাজ্য বন্ধে ও যাত্রীদের হয়রানি রোধে ঘাটে নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।





