ইরান স্কুল-হাসপাতাল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে : যুক্তরাষ্ট্র


ইরান স্কুল ও হাসপাতালের মতো বেসামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলছে দেশটি।
মঙ্গলবার (১০ মার্চ) পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ায় দেশটি এমন কৌশল নিচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে স্কুল ও হাসপাতাল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। কারণ তারা জানে তাদের সামরিক শক্তি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান ‘অপারেশন এপিক ফিউরির’ দশম দিনে ইরান খুব খারাপভাবে হারছে। দেশটি এখন হতাশ ও দিশেহারা হয়ে পড়েছে।
হেগসেথ বলেন, এই অভিযানের তিনটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত, লঞ্চার এবং প্রতিরক্ষা শিল্পভিত্তি ধ্বংস করা; দ্বিতীয়ত, ইরানের নৌবাহিনী ধ্বংস করা এবং তৃতীয়ত, ভবিষ্যতে ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা আরও জোরদার করছে এবং মঙ্গলবারকে এখন পর্যন্ত অভিযানের সবচেয়ে তীব্র হামলার দিন হিসেবে পরিকল্পনা করা হয়েছে। ওইদিন সবচেয়ে বেশি যুদ্ধবিমান, বোমারু বিমান এবং হামলা পরিচালিত হবে বলে জানান তিনি।
হেগসেথ আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সংখ্যা অভিযানের শুরু থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে। কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই। আর এ কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে।
আরাগচি বলেন, আমি দেখছি না যে তারা কোনো যৌক্তিক লক্ষ্য অনুসরণ করছে। শুরুতে তারা তাদের উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছিল। এখন ১০ দিন পার হওয়ার পর আমার মনে হয়, তারা পুরোপুরি লক্ষ্যহীন হয়ে পড়েছে।


