রাজনীতি

নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে: লেবার পার্টি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই এবং যুগ্ম মহাসচিব সাবিনা ইয়াসমিন এক যৌথ বিবৃতিতে দেশের সকল নারীকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বলেন, নারী দিবস কেবল আনুষ্ঠানিকতা পালনের দিন নয়; বরং নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার সংগ্রামকে নতুন করে শপথ নেওয়ার দিন।

নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য- বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, পারিবারিক সহিংসতা এবং যৌন নিপীড়নের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। দেশের বিভিন্ন স্থানে কিশোরী ও নারীদের ওপর সংঘবদ্ধ ধর্ষণ, নির্যাতন ও হত্যার সাম্প্রতিক ঘটনাগুলো পুরো জাতিকে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। এসব ঘটনা প্রমাণ করে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজ এখনো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।

তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি এবং অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক আশ্রয়-প্রশ্রয় নারী নির্যাতনের ঘটনাকে আরও উৎসাহিত করছে। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অপরাধ বন্ধ হবে না।

অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই ও সাবিনা ইয়াসমিন আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচার, সাইবার বুলিং, চরিত্রহনন ও অনলাইন হ্যারাসমেন্ট ভয়াবহ আকার ধারণ করছে। এটি নারীর মর্যাদা ও মানসিক নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই ডিজিটাল স্পেসেও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং সামাজিক সচেতনতা জরুরি।

নেতৃবৃন্দ বলেন, একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য নারীর সমান অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও রাজনৈতিক অংশগ্রহণে নারীর সমান সুযোগ সৃষ্টি, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সমান মজুরি নিশ্চিত করা সময়ের দাবি।

তারা সরকারের প্রতি আহ্বান জানান- নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং সব ধরনের সহিংসতার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল শক্তিশালী করা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা বাস্তবায়ন করা এবং সাইবার বুলিং ও অনলাইন হ্যারাসমেন্ট বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

নেতৃবৃন্দ বলেন, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রই সত্যিকার অর্থে সভ্য, মানবিক ও গণতান্ত্রিক হতে পারে না। আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ লেবার পার্টি নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা, ধর্ষণ, হত্যা ও বৈষম্যের বিরুদ্ধে শক্ত সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। (প্রেস বিজ্ঞপ্তি)

এই বিভাগের আরও সংবাদ