জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য: এম এ মালিক


আজ শুক্রবার সিলেট ফেঞ্চুগঞ্জ কায়স্থগ্রামে সিদ্দেক আলী নজিবুন্নেছা লতিফিয়া দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, মাদ্রাসা শিক্ষা ও ইসলামী শিক্ষার উন্নয়নে সরকার ও ব্যক্তিগতভাবে তিনি কাজ করে যাবেন। জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে তিনি সর্বদা কাজ করে যেতে চান।
এম এ মালিক বলেন, এলাকার জনগণের ভালোবাসা ও সহযোগিতার কারণেই তিনি জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ পেয়েছেন। এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করেছেন, এজন্য আমি আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি সিলেট-৩ আসনের উন্নয়নে আরও বেশি কাজ করতে পারব।”
এম এ মালিক বলেন, এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখাই তার প্রধান লক্ষ্য।
মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে এম এ মালিক বলেন, ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটাতে মাদ্রাসাগুলোর উন্নয়ন প্রয়োজন। তিনি জানান, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রীও মাদ্রাসা শিক্ষার উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তাই মাদ্রাসাগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
বক্তব্যের শেষে এম এ মালিক আবারও সবার কাছে দোয়া কামনা করেন এবং বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন থাকলে তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে পারবেন।
মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার সাহেব, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।



