নেতাকর্মীদের অপরাধ এক চুলও ছাড় দেবে না বিএনপি


দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর নিপীড়ন-নির্যাতনের সময় পেরিয়ে ভূমিধস বিজয় নিয়ে রাষ্ট্রক্ষমতায় বিএনপি। দায়িত্ব নেয়ার পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা পদক্ষেপ আর সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা প্রশংসা কুড়াচ্ছে।
সরকারের মন্ত্রিপরিষদেও তার প্রভাব পড়েছে। দায়িত্বশীল মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিরা চেষ্টা করছেন সাধারণের সমস্যা বোঝার। কিন্তু সরকারের এই চেষ্টার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায় দলীয় পরিচয় নিয়ে নানা অপতৎপরতা। কোথাও কোথাও তৃণমূল পর্যায়ে আছে অন্তর্দ্বন্দ্ব। যার প্রভাব পড়ছে সরকারের ভাবমূর্তিতেও।
বর্তমান সরকারের দায়িত্বশীল ও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, এই ধরনের সব অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সর্বোচ্চ নেতৃত্ব।
সম্প্রতি গাছ কাটার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কারের পর গ্রেফতার করেছে পুলিশ। একইভাবে বগুড়ায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের সহ-সভাপতি, গাবতলী উপজেলা বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের ঘটনা ঘটেছে কুষ্টিয়া-চাঁদপুরসহ বিভিন্ন জায়গায়। এসব ঘটনাতেও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, বিএনপি সরকার গঠনের পর কিছু মানুষ দলীয় পরিচয়ের নামে অপকর্মের চেষ্টা করছে। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথে হাঁটবে না বিএনপি। যেকোনো ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সিদ্ধান্ত পৌঁছে দেয়া হয়েছে তৃণমূলে।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, ‘যাদের নিয়ে আলোচনা বা বিভিন্নরকম প্রশ্ন আসছে। দলের কোনো একটা পক্ষের পাশে থেকে এরা বিভিন্ন সুবিধা নিতে চাচ্ছে এবং দলকে বিতর্কিত করছে।’
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘সংগঠনের কেউ যদি মন্দ কাজ করে, সেটা জানামাত্র সঙ্গে সঙ্গে আমরা পদক্ষেপ নিচ্ছি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দুর্নীতির টুঁটি চেপে ধরবেন তারেক রহমান। এই জায়গায় তিনি কোনো আপস করবেন না। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও নেতার নির্দেশনা অনুযায়ী সামনে এগিয়ে যাবে।’
সড়ক, রেল ও নৌপথমন্ত্রী শেখ রবিউল আলম রবিও সাফ জানালেন বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা। জানালেন- বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করে পার পাওয়া যাবে না কোনোভাবেই।
দল, সরকার ও রাষ্ট্র আলাদা চলবে জানিয়ে রবিউল আলম বলেন, ‘এবার রাষ্ট্র পরিচালনায় আলাদা এক দৃষ্টান্ত রাখতে চায় বিএনপি সরকার।’ – সুত্রঃ সময় টিভি।



