ভোলায় ফেরি থেকে ৭১ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ, চালক আটক


ইয়ামিন হোসেন, ভোলা (উত্তর)-ভোলায় পাচারের সময় ফেরি থেকে চারটি ট্রাকবোঝাই ৭১ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ।
এ সময় মো. আরমান নামের এক ট্রাকচালককে আটক করা হয়। অপর তিন ট্রাকের চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভোলার ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ ইলিশা ফেরিঘাটে অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটগামী দুইটি ফেরি থেকে এসব সার জব্দ করে।
আটক ট্রাকচালক মো. আরমান জানান, ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বাফার গুদাম থেকে চারটি ট্রাকে সার বোঝাই করা হয়।
ভোলার ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বশির আলম জানান, ভোলার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) গুদাম থেকে ইউরিয়া সার কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ইলিশা ফেরিঘাটে অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুরগামী ‘বেগম রোকেয়া’ ও ‘কুসুমকলি’ নামের দুটি ফেরি থেকে চারটি সারবোঝাই ট্রাক জব্দ করা হয়।
তিনি আরও জানান, ১৪২০ বস্তা ইউরিয়া সার ছিল, যার মোট পরিমাণ প্রায় ৭১ মেট্রিক টন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



