সিলেটের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে চাই: মন্ত্রী আরিফুল হক


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটে বিভাগের উন্নয়নে আমরা নির্বাচিত প্রতিনিধিরা সম্মেলিতভাবে কাজ করতে চাই। সিলেটের মহাসড়ক, রেল, বিমানের সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাকেজ নিয়ে টানাটানি প্রতিরোধ করা, প্রবাসীরা যাতে এয়ারপোর্টে এসে সব ধরনের সুযোগ সুবিধা পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হবে না, হজ্জ যাত্রিদের যাতায়াতের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে। আগামীতে এই সমস্যা সমাধানের জন্য আমরা কথা বলে যাচ্ছি।
আরিফুল হক চৌধুরী বলেন, আপনারা দোয়া করবেন মানুষের আশা-প্রত্যাশা যেন বাস্তবায়ন করতে পারি। ইনশাহআল্লাহ এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবতর্ন দেখতে পাবেন।
এর আগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সিলেট জেলা বিএনপির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক স্টেলিং তারিয়াং, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান,গোয়াইনঘাট যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন।



