বিমানবন্দর রেলস্টেশনে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


মনির হোসেন জীবন : রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে ৬০ কেজি (দেড় মণ) নিষিদ্ধ গাঁজাসহ এক বড় ধরনের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানিয়েছে- আটককৃত ওই ব্যক্তির নাম আলমগীর (৪৫)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার দেবগ্রামের মোস্তফার পুত্র।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ১নং প্লাটফর্ম আর.কে ফাস্টফুড নামক দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ আলমগীরকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসময় তার নিকট থেকে ষাট কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং একটি সীম কার্ড উদ্ধারমূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদককারবারি র্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে রেল পথে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য গাঁজা পরিবহন করে রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারী/খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতো বলে স্বীকার করেছে।
র্যাব-১ এর মিডিয়া অফিসার মোঃ রাকিব হাসান আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক মাদক ব্যবসায়ী (আসামী)কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



