ভোলা

ভোলায় বিএনপির প্রার্থীদের নিরঙ্কুশ জয়

ইয়ামিন হোসেন, ভোলাঃ দ্বীপ জেলা ভোলার চারটি সংসদীয় আসনে বড় ভোটের ব্যবধানে বিএনপি জোটের প্রার্থীরা বেসরকারি ফলাফলে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার রাতে বে-সরকারি ভাবে তাদের জয়ী ঘোষণা করেন দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।

ভোলা-১ (ভোলা সদর) আসনে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ (লালমোহন-তজুসদ্দিন) আসনে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও সাবেক পানি ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এবং ভোলা-৪ ( চরফ্যাশন-মনপুরা) আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন জয়লাভ করেছেন।

ভোলা-১ আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি (গরুর গাড়ি প্রতীক) নিয়ে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪ হাজার ৪৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এ আসনে বিএনপির জোটের প্রার্থী তিনি ৩০ হাজার ৬৮৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ১ লাখ ২১ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়ি পাল্লা) মাওঃ মোঃ ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী ২৭ হাজার ৫০৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি (ফুলকপি) মু. নিজামুল হক নাইম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০। এ আসনে বিএনপির প্রার্থী তিনি ৯৬ হাজার ১১৪ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

ভোলা-৪ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মোঃ নুরুল ইসলাম নয়ন (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৯০ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মাওঃ মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮২ হাজার ৩১৮ ভোট। এ আসনে বিএনপির প্রার্থী ১ লাখ ৭ হাজার ৬৮৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

দীর্ঘদিন পর ভোলা জেলায় বিএনপি’র দুর্গখ্যাত ৪টি আসন বড় ভোটের ব্যবধানে ফিরে পাওয়ায় স্থানীয় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ বইছে।

এদিকে বিজয়ী প্রার্থীরা নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন পরাজিত বা বিরোধী পক্ষের নেতাকর্মীদের উপর কোন ভাবে চড়াও না হতে।

এই বিভাগের আরও সংবাদ