ক্রিকেট

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে কলম্বোয় পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি।

তার আগে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘পিচটা একেবারে নতুন, আশপাশে বৃষ্টির সম্ভাবনাও আছে। আমরা আর্দ্রতার সুবিধা নিতে চাই। শ্রীলঙ্কায় এই প্রথম এতটা ঘাস দেখলাম। আমরা তিনজন পেসার ও অলরাউন্ডার নিয়ে খেলছি। নেদারল্যান্ডস ভালো দল, আমরা আমাদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে চাই।’

ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘উইকেটটা দেখতে বেশ ভালো। আমরা (টসে জিতলে) আগে বোলিংই করতাম, তবে ব্যাটিং করতেও সমস্যা নেই। আমাদের জন্য এটা বড় ম্যাচ, বাকি তিনটাও তেমনই গুরুত্বপূর্ণ। আমরা দেড় মাস ধরে ভারত ও শ্রীলঙ্কায় আছি, তাই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছে, বোলিং ও ব্যাটিং; দুই দিকেই আমাদের ভালো বিকল্প রয়েছে।’

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুদলের দেখা হয়েছে দুবার। যেখানে শতভাগ জয় পাকিস্তানের। ধারাবাহিকতা ধরে রেখে এবারের বিশ্ব আসর শুরু করতে চায় পাকিস্তান।

নেদারল্যান্ডস একাদশ
মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটকিপার/অধিনায়ক), জ্যাক লায়ন ক্যাশেট, লোগান ভ্যান বিক, রোলফ ভ্যান ডার মার্ভে, আরিয়ান দত্ত, কাইল ক্লাইন ও পল ভ্যান মিকেরেন।

পাকিস্তান একাদশ
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

এই বিভাগের আরও সংবাদ