নান্দাইলে ছেতরাবিলে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও মৌজার ছেতরাবিলে সরকারি খাস জমিতে অবস্থিত খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় ছেতরা বিল পাশে খাল সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করে বারুইগ্রাম ও ডাংরী এলাকার সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কালের পরিক্রমায় এলাকার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাল দখল ও ভরাট হয়ে ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে বারুইগ্রাম, ঘোষপালা ও খামারগাঁও এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয় । এতে প্রতি বছর আমন, বোরোসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয় বলে অভিযোগ করেন স্থানীয় কৃষকরা।
দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বক্তারা বলেন, রেকর্ডভুক্ত এই খালটি একসময় এলাকার কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। খালটি পুনঃখনন ও উদ্ধার করা হলে পানি নিষ্কাশন স্বাভাবিক হবে এবং কৃষিজমি রক্ষা পাবে।
সমাবেশে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আবদুল গনি ভুইয়া। তিনি বলেন, “এটি কোনো ব্যক্তিগত স্বার্থের দাবি নয়। এটি পুরো এলাকার কৃষক ও সাধারণ মানুষের জীবন-জীবিকার প্রশ্ন। সরকারি খাস জমিতে থাকা খালটি উদ্ধার করা হলে হাজারো কৃষক উপকৃত হবেন।”
এ সময় আরও বক্তব্য দেন নাইমুল গনি ভুইয়া পলাশ, ডাক্তার লিটন, নুরে আলম ও আফতাব উদ্দিন। তারা বলেন, অবিলম্বে খাল খননের উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে খাল খননের অনুমতি প্রদান করা হলে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে খালটি পুনরুদ্ধার করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।



