সরিষাবাড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে গোপনে বিয়ের অভিযোগ


তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: শিক্ষক যেখানে মানুষ গড়ার কারিগর, সেখানে সেই শিক্ষকই যদি নৈতিকতার সীমা লঙ্ঘন করেন—তবে সমাজ কোন পথে যাবে? এমনই এক বিস্ময়কর ও নিন্দনীয় ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের যমুনা উচ্চ বিদ্যালয়ে।
অভিযোগ উঠেছে, যমুনা উচ্চ বিদ্যালয়ের এনটিআরটি থেকে নিয়োগপ্রাপ্ত এক আইসিটি শিক্ষক একই বিদ্যালয়ের সদ্য নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে গোপনে এভিডেভিট মূলে বিয়ে করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মুশফিকুর রহমান লিটন, যমুনা উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গুজাবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি পূর্বে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের খলিলুর রহমানের মেয়ে কানিজ ফাতেমাকে বিয়ে করেন। তাদের সংসারে মাসফিয়া ইবনাত নামে এক কন্যাসন্তান রয়েছে।
শিক্ষক লিটনের স্ত্রী কানিজ ফাতেমা জানান, যমুনা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের জেরে তাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি সৃষ্টি হয়। এ ঘটনায় বর্তমানে আদালতে পৃথক দুটি মামলা চলমান রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
তিনি আরও অভিযোগ করেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষক অপ্রাপ্তবয়স্ক ওই শিক্ষার্থীকে গোপনে এভিডেভিটের মাধ্যমে বিয়ে করেন, যা সম্পূর্ণভাবে আইন ও নৈতিকতার পরিপন্থী।
ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
দশম শ্রেণীর শিক্ষার্থী ইমন হাসান ও সুমন মিয়া বলেন,আমরা তার সন্তানের মতো। স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও একজন শিক্ষক কীভাবে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে বিয়ে করতে পারেন? আমরা এই শিক্ষকের বিচার চাই।”
একই সুরে কথা বলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুরাদ হাসান ও জীবন মাহমুদ তারা বলেন,
“একজন শিক্ষক হয়ে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে বিয়ে করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তাকে বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানাচ্ছি।”
শিক্ষার্থী আফসানা আক্তার মিমের বড় নানা আব্দুর রশিদ বলেন,আমাদের পরিবারকে কিছু না জানিয়ে গোপনে কাজিপুর উপজেলায় নিয়ে এভিডেভিট মূলে বিয়ে সম্পন্ন করা হয়েছে। এটি সামাজিক ও নৈতিকভাবে জঘন্য কাজ।”
তিনি আরও জানান, বিয়ের পর শিক্ষার্থীকে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া এলাকায় তার মামা হাফিজুর রহমানের বাসায় রাখা হয়েছে বলে গোয়াখাড়া গ্রামের রোকন চাকলাদারের মাধ্যমে তারা জানতে পেরেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুশফিকুর রহমান লিটনের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন এবং বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান।
যমুনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন,“বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা আগে বিষয়টি জানতেন না। ঘটনার পর এলাকাবাসী বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষককে বের করে দেয়। আমরা তাকে আপাতত তিন দিনের ছুটি দিয়েছি।”
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরিষাবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ জানান, বিষয়টি তাদের অবগত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান বলেন,বিষয়টি আমাকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। অবগত হলে তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”



