তুরাগে ওয়াসার লাইন আছে কিন্তু নেই পানি


** পানির হাহাকার অবস্থা ও চরম সংকট সৃষ্টি
** ভুক্তভোগী ও গ্রাহকদের মধ্যে বইছে চরম ক্ষোভ ও হতাশা
** ওয়াসার পুরান- নতুন লাইনে নেই পানি সরবরাহ
** প্রয়োজনের তুলনায় পানি দেওয়া হয় কম এলাকাবাসি
** প্রতিদিন বিতরণ করা হয় এক গাড়ি করে পানি
** ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা হলেও মিলছে না সেবা
মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এবং পবিত্র মাহে রমজান মাসেও রাজধানীর তুরাগ থানার বেশ কিছু এলাকায় বসতবাড়িগুলোতে চরম পানির সংকট দেখা দিয়েছে। বেশ কিছু দিন যাবত পানির সংকটে ভুগছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)র ৫৪ নম্বর ওয়ার্ডের বসবাসরত বাসিন্দারা।
এলাকাবাসিও ভুক্তভোগী পরিবারগুলো দৈনন্দিন কাজ যেমন রান্নাবান্না, ধোঁয়ামোছাসহ জরুরি কাজ সঠিকভাবে করতে যাচ্ছে না। কোন কোন একাকায় খাবার পানিটুকু ও নেই। একদিকে পানির তীব্র সংকট ও পানির না পেয়ে অনেকেই বোতলজাত পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এমন অভিযোগ গ্রাহকদের। প্রয়োজনীয় পানির জন্য অনেকটাই হাহাকার অবস্থা চলছে। প্রয়োজনের তুলনায় ওযু কিংবা গোসল ও বাথরুমে ব্যবহারের জন্য যে পানির প্রয়োজন সেটা তো দূরের কথা, খাবার জন্যও পানি মিলছে না পর্যাপ্ত। মাহে রমজান মাসসহ গত কয়েক মাস ধরে চলছে এই সংকটাপন্ন অবস্থা দেখা দিয়েছে। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বরাবরের মতো নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। যেন দেখার কেউ নেই। গ্রাহকরা নিয়মিত বিল পরিশোধ করেও ঠিকমতো পানি না পাওয়ায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা গেছে। একই সঙ্গে জনমনে দেখা দিয়েছে কিছুটা উত্তেজনাও। এলাকাবাসিদের মধ্যে অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে গোসলসহ প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরছে । এমন পরিস্থিতিতে পানির সংকট মিটাতে ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য এস, এম জাহাঙ্গীর হোসেনের নিকট জোর দাবি জানায় স্থানীয় জনগণ। পরবর্তীতে এমপির নির্দেশে ৫৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়া, রাজাবাড়ি, নয়ানীচালা, খায়েরটেক, কালিয়ারটেক, ভাটুলিয়া, রোশাদিয়াসহ কয়েকটি এলাকায় মাইকিং করে ওয়াসার গাড়িতে করে প্রতিদিন ১/২ গাড়ি সিমিত আকারে পানির সুব্যবস্থা করা হয়েছে। যেখানে পানির জরুরি চাহিদা রয়েছে সেখানে ভোর থেকে লাইন ধরে দিনভর পানি নিতে দেখা যায় ৫৪ নম্বর ওয়ার্ডের হাজার হাজার নারী-পুরুষ ও শিশুকে।
খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।
তথ্য অনুসন্ধান, ভুক্তভোগী, এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজধানীর সর্ব উত্তরের এলাকাটির নাম তুরাগ। এই এলাকাটিকে উত্তর বঙ্গের প্রবেশপথও বলা হয়ে থাকে। ঢাকার সংসদীয় ২০টি আসনের মধ্যে এটি ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত একটি আসন। এ আসনে প্রায় ৬ লাখেরও বেশি ভোটার রয়েছে। এখানে আনুমানিক প্রায় ১২/১৫ লাখ লোকের বসবাস। উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরা পূর্ব ও পশ্চিম থানা এলাকা নিয়ে এ আসনটি গঠিত। বিশেষ করে ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর বেশ ঘনবসতি ও গুরুত্বপূর্ণ এলাকা বটে। এক সময় এ চারটি ওয়ার্ড হরিরামপুর ইউনিয়নের আওতাভুক্ত এলাকার মধ্যে ছিল। বর্তমানে এ চার ওয়ার্ডসহ উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, উত্তরা পূর্ব ও পশ্চিম থানা এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। চলতি রমজান মাসে পানির সংকট সবচেয়ে বেশি তুরাগের কামারপাড়া,(তাল্লুকপাড়া), রাজাবাড়ি, নয়ানীচালা, খায়েরটেক, কালিয়ারটেক, ভাটুলিয়া, রোশাদিয়া
ও ভাটুলিয়ায়সহ বিভিন্ন এলাকায়। এই এলাকা গুলো ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের অধীনে।
এলাকাবাসিও ভুক্তভোগীরা এ প্রতিবেদককে জানান, গত কয়েকমাস ধরে সেখানে ওয়াসার পানির চরম তীব্র সংকট দেখা দিয়েছে। বর্তমানে মাহে রমজান মাস চলছে। আগে দিনে দু-একবার ওয়াসার লাইনে পানি পাওয়া গেলেও এখন সারা দিনে পানি আসে না একবারও। ওয়াসার লাইন আছে কিন্তু লাইনে পানি নেই। কেউ কেউ নতুন লাইন নেওয়া পানি পেলেও অন্যরা তাদের লাইনে পানি পাচ্ছেন না। পুরানো লাইনে পানি মিলছে না বিন্দু পরিমাণও।
বেশ কিছু দিন আগে কামারপাড়া, (তাল্লুকপাড়া) মসজিদ রোডের একটি বাসার সামনে পানি নেওয়ার বিকল্প একটি লাইন করে দিয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ । একইভাবে পানি নেওয়ার জন্য তুরাগ মডেল স্কুল রোড মসজিদের সামনে একটি লাইন বসানো হয়েছে। যেখান ভোর থেকে দিনভর পাতিল, কলসি, বালতি ও বোতল নিয়ে পানি সংগ্রহ করছে এলাকার অসংখ্য মানুষ। তুরাগের কামারপাড়া বাজার রোডের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক জনতাকে জানান, রমজান মাসসহ বেশ কয়েক মাস ধরে এলাকায় পানির চরম সমস্যা চলছে। আমাদের বাসায় চলতি মার্চ ও ফেব্রুয়ারি মাস ধরে পানি নেই। আগে দিনে দু-এক বার করে পানি এলেও এখন তাও বন্ধ হয়ে গেছে। ওয়াসার পুরানো লাইনে আর পানি আসে না। সে জন্য এলাকাবাসিরা পানি সমস্যায় ভুগছেন। জনগনের পানির সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকারের নজর দেয়া উচিত।
এদিকে আজ বুধবার বেলা ১১টায় তুরাগের রাজাবাড়ি এলাকার বাসিন্দা এবং জাসাস ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহবায়ক মো: জমির বক্স এ প্রতিবেদককে বলেন, রমজান মাসে ৫৪ নম্বর ওয়ার্ডে তুরাগের কামারপাড়া,(তাল্লুকপাড়া), রাজাবাড়ি, নয়ানীচালা, খায়েরটেক, কালিয়ারটেক, ভাটুলিয়া, রোশাদিয়াসহ বিভিন্ন এলাকার মানুষ পানির সমস্যায় ভুগছিল। এসব এলাকার সর্বস্তরের মানুষ তথা জনগনের কথা চিন্ত করে ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য এস, এম জাহাঙ্গীর হোসেন ভাই এর নির্দেশে প্রতিদিন ৫৪ নম্বর ওয়ার্ডে ১/২ গাড়ি পানির সুব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হারুন অর রশীদ খোকা ভাই এবং আমরা সবাই মিলে স্থানীয় এমপি এস, এম জাহাঙ্গীর হোসেন ভাই এর নির্দেশে ৫৪ নম্বর ওয়ার্ডে পানি বিতরণের কাজ করে যাচ্ছি।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা অভিযোগ করে
দৈনিক জনতাকে বলেন, ঢাকা ওয়াসার পুরান ও নতুন লাইনে পানি আসে না, পানি নেই। এলাকা গুলোতে পানির তীব্র সংকট চলছে। রমজান মাসে এলাকাবাসীরা নানাবিধ সমস্যার মধ্যে রাত দিন পার করছে। ইফতার ও সেহরির সময় পানি থাকে না। কারণ কোনো লাইনে পানি নেই। বাধ্য হয়ে পানি কিনে খাচ্ছি। ওয়াসার লোকজন বলছে, পানির স্তর নাকি অনেক নিচে নেমে গেছে। তাই আমরা অচিরেই পানির সমস্যার দ্রুত সমাধান চাই?
নাম প্রকাশে অনিচ্ছুক তুরাগের কালিয়ারটেক, বামনারটেক, খায়েরটেক এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে এ প্রতিবেদককে বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। বারবার ওয়াসার আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ জানিয়েও কোনো ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছে না। পানি সংকটের কারণে এলাকার প্রতিটি বাড়ির মানুষ মানবেতর জীবন যাপন করছে বলে চলে। এক কথায় বলতে গেলে বলতে হয়; ঈদুল ফিতরের আগে রমজান মাসে মানুষ খুবই কষ্টে আছে।
জানা গেছে, গত ৫ মার্চ থেকে শুরু করে আজ বুধবার পর্যন্ত ডিএসসিসি ৫৪ নং ওয়ার্ডে যে সব এলাকায় খাবার পানির তীব্র সংকট রয়েছে সেই এলাকাগুলোতে মাইকিং করে অল্প পরিসরে পানি বিতরণ করা হচ্ছে । ফলে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এছাড়া তুরাগের ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও পানি- গ্যাসের সংকটের বিষয়ে ওয়াসাও গ্যাসের আঞ্চলিক কার্যালয়সহ হটলাইনে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছে, তুরাগের কামার পাড়া, (তাল্লুক পাড়া), রাজাবাড়ি, নয়ানীচালা, খায়েরটেক, কালিয়ারটেক, ভাটুলিয়া, রোশাদিয়াসহ বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার পানির তীব্র ঘাটতি রয়েছে।
এব্যাপারে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হারুন অর রশীদ খোকা এলাকাবাসীর উদ্দেশ্যে মাইকিং করেন এবং পানির সমস্যার বিষয়ে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকা-১৮ আসনের এমপি এস, এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে ওয়াসার গাড়িতে করে পানি বিতরণ করা হচ্ছে। রাজাবাড়ি, নয়ানীচালা ও ভাটুলিয়ায় পানি নাই। যতক্ষণ পর্যন্ত পানির ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মানুষকে পানি দিয়ে যাবো।
তিনি আরো বলেন, আমরা ৫৪ নম্বর ওয়ার্ডে প্রতিদিন পানি ডিস্টিভিশন করছি। আমরা পানি দিবো, যার যার পানি লাগবে, তারা বালতি দিয়ে পানি নিয়ে যান।
এ ব্যাপারে ঢাকা ওয়াসার আঞ্চলিক অফিসের এক কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, পানি সংকটের এসব বিষয়টি নিয়ে ওয়াসার জনসংযোগ শাখায় যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দেন। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এব্যাপারে পানি ও গ্যাসের তীব্র সংকট থেকে রেহাই এবং সকল নাগরিক সমস্যা দূরীকরণে জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, পানিসম্পদ মন্ত্রী, ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য এস, এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক, ঢাকা ওয়াসার চেয়ারম্যানসহ সরকারের সংশ্লিষ্ট মহল এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তুরাগসহ ঢাকা-১৮ আসনের সর্বস্তরের জনগন।



