খুলনা

খুলনার সাচিয়াদহে অবসরোত্তর ও প্রয়াত গুণীশিক্ষকদের সংবর্ধনা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার তেরখাদা উপজেলার সাচিয়াদহে অগ্রপথিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অবসরোত্তর ও মরণোত্তর গুণীশিক্ষকদের সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় সাচিয়াদহের আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আয়োজনে ফুলেল শুভেচ্ছা, মরণোত্তর গুণগাথা পাঠ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, কৃতি সন্তান সম্মাননা এবং সংগঠনে বিশেষ অবদানের জন্য স্মারক, মানপত্র ও উপহার প্রদান করা হয়। সাচিয়াদহ গ্রাম ও আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের মোট ২৩ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষককে এ সময় সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি মিলন টিকাদার অগ্রপথিক সাচিয়াদহ প্রতিষ্ঠার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফিরোজ শাহ বলেন, “শিক্ষকরা সমাজ গঠনের নীরব কারিগর। তাঁদের অবদান ছাড়া ব্যক্তিজীবন ও সমাজের অগ্রগতি কল্পনা করা যায় না।”
বিশেষ অতিথিরা বলেন, অবসরোত্তর শিক্ষকদের সম্মান জানানো আমাদের সামাজিক দায়িত্ব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. লিটন বিশ্বাস, গেস্ট লেকচারার, ইউনিভার্সিটি অব গ্লোস্টারশায়ার (ইংল্যান্ড)। এছাড়া শিক্ষক, শিক্ষানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ