খুলনা

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুজন নিহত

খুলনা ব্যুরো : খুলনার ডুমুরিয়া উপজেলায় লাশ বহনকারী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মরদেহ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। গুটুদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরে ভ্যানে থাকা চার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক কালিপদ মন্ডলকে মৃত ঘোষণা করেন। অপর আহত ইলিয়াস সরদার চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান।

নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক সবুজ মন্ডল, সাহিদ গাজী ও আয়শা বেগম। তাঁদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে।

এই বিভাগের আরও সংবাদ