ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-এর মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে শিবচর উপজেলা-এর বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। দুর্ঘটনার পর তিনটি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। গাড়িগুলো পরবর্তীতে থানায় নেওয়া হয়েছে।



