শোকের দিনে নির্বাহী আদেশ অমান্য করে অফিস ; খুলনা ওয়াসায় কর্মচারীদের বিক্ষোভ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক দিবস ও সাধারণ ছুটির দিনে নির্বাহী আদেশ উপেক্ষা করে অফিস কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নেমেছেন খুলনা ওয়াসার কর্মচারীরা।
ঘটনাটি ঘটে ৩১ ডিসেম্বর বুধবার। ঐদিন রাষ্ট্রীয় শোক পালন ও সাধারণ ছুটি থাকলেও ঝুমুর বালার নেতৃত্বে একদল কর্মকর্তা-কর্মচারী খুলনা ওয়াসা ভবনে অফিস করেন বলে অভিযোগ করেন কর্মচারীরা। তবে ১ জানুয়ারি বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ঝুমুর বালা অফিসে অনুপস্থিত ছিলেন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে খুলনা ওয়াসার প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে কর্মচারী ইউনিয়ন। বিক্ষোভ থেকে অভিযুক্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানানো হয়।
কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফফার বলেন, “গোটা দেশ যখন শোক পালন করছে, জাতীয় পতাকা অর্ধনমিত এবং মানুষ কালো ব্যাজ ধারণ করেছে—তখন খুলনা ওয়াসায় অফিস করা হয়েছে নির্বাহী আদেশকে উপেক্ষা করে। এমনকি ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনও করা হয়নি।”
তিনি আরও অভিযোগ করেন, শোক দিবসে অফিস চলাকালে সকাল থেকে দাপ্তরিক কার্যক্রম অব্যাহত ছিল। বেলা ১১টার দিকে গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে পেরে ভবনের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন এবং এক সাংবাদিককে একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করা হয়।
ওয়াসার একাধিক সূত্র জানায়, সম্প্রতি খুলনা ওয়াসার একটি জনবল নিয়োগ কার্যক্রম নিয়ে অভ্যন্তরীণ তৎপরতা চলছে। ওই নিয়োগে পছন্দের প্রার্থীদের অগ্রাধিকার দিতে গোপনীয়ভাবে সাধারণ ছুটির দিনেও অফিস করা হয়। ওই দিন কর্মকর্তাদের জন্য একটি অভিজাত হোটেল থেকে প্রায় ৩৫ প্যাকেট খাবার আনা হয়, যা কর্মচারীদের ভাষায় ‘ভুঁরিভোজ’-এর আয়োজন ছিল।
এ ছাড়া এনসিপি’র সাবেক কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমকে খুলনা ওয়াসায় এনে একটি প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগসংক্রান্ত ফাইল অনুমোদন করিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এতে প্রায় ২২ হাজার ৫৯৮ কোটি টাকার একটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রসঙ্গত, এনসিপি’র সাবেক নেত্রী নুসরাত তাবাসসুম ও অন্যান্যদের গত ১০ ডিসেম্বর ওয়াসায় প্রবেশের প্রমাণ, মেইন গেটের ভিজিটর রেজিস্টার দেখলে পাওয়া যাবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ওয়াসা সিবিএ সভাপতি মোহাম্মদ কবির হোসেন, সিবিএ নেতা রবিউল ইসলাম, দুলাল উদ্দিন খানসহ অন্যান্য নেতারা।
এ বিষয়ে খুলনা ওয়াসার সচিব মাহেরা নাজনীন বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হবে।”





