খুলনার চাঞ্চল্যকর শিউলি হত্যার আসামী ফেনী থেকে গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী রিয়াদকে আটক করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার( ২৫ ডিসেম্বর) র্যাব-৬, র্যাব-৭,যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানায় অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি খুলনার ডুমুরিয়ার গজেন্দ্রপুর এলাকার মোঃ সালাউদ্দিন খানের ছেলে মোঃ রিয়াদ খান(১৯) কে আটক করে।
এজাহার বিশ্লেষণে জানা যায়, আসামি রিয়াদ খান ও নিহত ভিকটিম শিউলি বেগম সম্পর্কে মা-ছেলে । নিহত শিউলি বেগম পেশায় একজন সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭অক্টোবর তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত ১৩ডিসেম্বর আসামি রিয়াদ খান অজ্ঞাত কারণে তার মা ভিকটিম শিউলি বেগমকে হত্যা করে আত্মগোপনে চলে গেলে ভিকটিমের ছোট ভাই খুলনার ডুমুরিয়া সেনপাড়া এলাকার মোঃ হারুন গাজীর ছেলে মোঃ রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় আটক এ আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, আটককৃত আসামির হেফাজত হতে ২,০৫,৮৪০ (দুই লক্ষ পাঁচ হাজার আটশত চল্লিশ) টাকা, দুইটি আইফোন, একটি স্মার্ট ফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়েছে। আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





