খুলনায় মাদক সিন্ডিকেটের নৃশংসতায় কব্জি হারানো আক্তার আলীর মৃত্যু


খুলনা ব্যুরো : খুলনায় মাদকচক্রের বিরুদ্ধে তথ্য দেওয়ার আশঙ্কায় সন্ত্রাসীদের নৃশংস হামলায় দুই হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত আক্তার আলী মোল্লা (৩০) অবশেষে মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আক্তারের শাশুড়ী নুরজাহান তাে মৃত্যুর খবর গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আক্তার আলীর ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। গল্লামারি সেতু এলাকা থেকে পরিচিত দুই ব্যক্তি কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে বটিয়াঘাটা থানাধীন দারোগারভিটার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল আরও কয়েকজন সন্ত্রাসী। এরপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়া হয়—যা স্পষ্টতই ভয় দেখানো ও নীরব করার বার্তা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্তার আলী সাংবাদিকদের কাছে দাবি করেন, হামলাকারীরা সবাই তার পূর্বপরিচিত এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জানান, মাদক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের কাছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরেই তাকে নির্মমভাবে আক্রমণ করা হয়।
একটি গোয়েন্দা সূত্রের ভাষ্য, খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারীরাই এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এতদিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই তদন্তে।
ঘটনার একদিন পরই নিহতের মৃত্যু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, “বিষয়টি তদন্তাধীন।” তবে স্থানীয়দের প্রশ্ন—এত গুরুতর অপরাধের পরও কেন এখনো হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে?
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, এলাকায় মাদক কারবারিদের তৎপরতা দীর্ঘদিনের হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো যারা মুখ খুলতে চায়, তারাই হামলার শিকার হচ্ছে।
পরিবার বিপর্যস্ত, ন্যায়বিচারের অপেক্ষা নিহতের স্ত্রী লতা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। স্বজনরা জানান, আক্তার আলী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের বড় মেয়ে জুই চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। বাবার এমন নৃশংস মৃত্যুতে পরিবারটি মানসিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
নিহতের শাশুড়ি নূর জাহান বলেন, “আমার জামাইয়ের অপরাধ ছিল সত্য কথা বলা। এখন আমরা শুধু বিচার চাই।”
এই হত্যাকাণ্ড আবারও সামনে এনেছে তথ্যদাতা সুরক্ষা, মাদকবিরোধী অভিযানের কার্যকারিতা এবং স্থানীয় পর্যায়ে প্রভাবশালী সন্ত্রাসীদের দাপটের বিষয়টি। আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে সাধারণ মানুষ ভবিষ্যতে কোনো অপরাধী তথ্য দিতে সাহস পাবে না—এমন আশঙ্কা করছেন সচেতন মহল।
খুলনার এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়; এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা ব্যবস্থার একটি বড় পরীক্ষা, অভিজ্ঞ মহলের মন্তব্য ।





