টাঙ্গাইল

মির্জাপুরে প্রশাসনের হাতের নাগালে মাটি লুট করছেন বিএনপি নেতা!

সাইফুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ এবার টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাব খাটিয়ে নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভ্যাকুয়াম মেশিন (ভেকু) ব্যবহার করে তিনি প্রশাসনের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে নদীর পাড়ের মাটি উত্তোলন করে নিকটবর্তী ইটভাটাসহ বিভিন্ন ব্যক্তি জায়গায় সরবরাহ করছেন। এতে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে মির্জাপুরের উত্তরাঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের বংশাই সেতুটি। অভিযুক্ত বিএনপি নেতা এবাদত মৃধা মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

এদিকে সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা যায়, বংশাই সেতুর পূর্ব পাশের্^ বংশাই নদীতে সন্ধ্যা থেকে ভোর-সকাল পর্যন্ত চলে মাটি কাটার মহোৎসব। নদীর পাড়ে রাখা ভ্যাকুয়াম মেশিন দিয়ে বিশাল আকারে খোঁড়াখুঁড়ি চলছে। এভাবে রাতের আঁধারে অবিরত মাটি কাটা হলেও প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়েনি। নদীর মাটি কাটার ফলে সৃষ্টি হয়েছে বড় ধরণের গর্ত। বর্ষায় এ অংশে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই চলতি বছরেও বংশাই নদী এলাকায় কয়েকটি স্থানে ভাঙন হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে ওই এলাকার ঘনবসতিরা।

প্রতিবছর এভাবে মাটি কাটার ফলে এখন ভাঙ্গন আতঙ্কে নদীর দুপাশের অন্তত কয়েক’শ ঘরবাড়ির মানুষজন। স্থানীয়ভাবে প্রভাববিস্তারকারী ও রাজনৈতিক পরিচয়ের কারণেই কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায়না। তবে নদীপাড়ের এলাকাবাসীরা অবিলম্বে মাটি কাটার কাজ বন্ধ করা এবং অভিযুক্ত নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত বিএনপি নেতা এবাদত মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে নিয়মিতভাবে নদীর মাটি কেটে বিক্রি করছেন। প্রশাসনের সাথে লিয়াজু করার সুযোগে আইন অমান্য করে নদীর পাড়কে ব্যক্তিগত খনিজ সম্পদে পরিণত করেছেন তিনি। প্রতিবছরই তিনি বংশাই নদী থেকে মাটি কাটেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন,“এলাকায় তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, কিন্তু কেউই মুখ খুলতে সাহস পায়না। সবাই জানে তার বিরুদ্ধে বললেই সমস্যা হবে। তাই ভয়ে কেউ কথা বলেনা। এভাবে নদী থেকে অবৈধভাবে মাটি বিক্রি করা হলে আগামী বর্ষায় নদী পাড়ের ঘরবাড়ি ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ এই ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা এবাদত মৃধার সাথে মুঠোফোনে যোগাযোগে তিনি বলেন, আমি প্রশাসনের অনুমতি নিয়েই মাটি কাটা শুরু করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, প্রশাসন অবৈধ কোনো কাজের বিষয়ে কখনোই কাউকে প্রশ্রয় দেয়না। বিষয়টি জানার পর খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যাণ্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ