টাঙ্গাইল

খাবার নিয়ে বসে ছিলো মা, বাড়িতে ফিরল ছেলের মরদেহ!

রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ একমাত্র ছোট ছেলে শাফিউল মুজনবীন দীপ্ত (২৭) শুক্রবারের সাপ্তাহিক ছুটিতে বাবা-মায়ের সাথে দেখা করতে বৃহস্পতিবার রাতে নিজ কর্মস্থল দিনাজপুর এলাকা থেকে রওনা হয়। ছেলে আসবে তাই পছন্দের সব খাবার নিয়ে বসে অপেক্ষা করছে ‘মা’, বাবা তার জন্য কিনে এনেছে প্রিয় সন্দেশ। কিন্তু সব আয়োজন এক নিমিষেই শেষ হয়ে গেল। এভাবেই ছেলে মৃত্যুর শোকে বিলাপ করছিলেন তারই বাবা মির্জাপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক (সাবেক) মো. শহীদুল্লাহ।

নিহতের বড় বোন নিশাত আনজুম মনিষা জানান, শাফিউল মুজনবীন দীপ্ত দিনাজপুরে সিঙ্গার কোম্পানিতে জেলা ম্যানেজার হিসেবে চাকরি করতেন। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে সাপ্তাহিক ছুটি পরিবারের সাথে ভাগাভাগি করতে তিনি বাবার বাড়ি মির্জাপুর উপজেলার বাওয়ারকুমারজানি এলাকার উদ্দেশে রওনা হন।

মির্জাপুর পর্যন্ত ভালোভাবে পৌঁছালেও বাস থেকে নেমে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক দেড়টার দিকে তাকে টাঙ্গাইলমুখী একটি অজ্ঞাতনামা বাস চাপা দিয়ে চলে যায়। এতে সে মাথায় বেশ আঘাতপ্রাপ্ত-রক্তক্ষরণ হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আহতাবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বন্ধু, আত্মীয়-স্বজনরাসহ সব ধরণের মানুষ শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন।

এদিকে তার সাথে থাকা ল্যাপটপ, ডেবিট-ক্রেডিট কার্ডসহ অন্যান্য সকল প্রয়োজনীয় কাগজপত্রাদি চুরি হয়ে গেছে বলে দাবি পরিবারের।

গোড়াই হাইওয়ে থানার ওসি বলেন, আমরা লাশের সুরতহাল ও আইনিপ্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে অভিযোগ করা হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ জুমা মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে প্রথম ও মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাযার নামাজ শেষে তাকে ‘কেন্দ্রীয় কবরস্থানে’ দাফন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ