মসজিদ-মাদ্রাসা ও জনবসতি গ্রামে টিউবওয়েল স্থাপন করলেন প্রবাসী আবুল কাশেম


ইয়ামিন হোসেন, ভোলা: টিউবওয়েল না থাকায় বহুদিন ধরে অসহায় মানুষগুলো খাবার পানির কষ্টে ছিল। অন্যের বাড়ি থেকে প্রতিদিন খাবার পানি আনতে হতো তাদের। বিষয়টি স্থানীয় কারও নজরে না এলেও, এসেছে সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম এর।
তিনি ঘটনাটির সত্যতা জানার পর ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী, রাজাপুর ও ইলিশার কয়েকটি গ্রামে টিউবওয়েল উপহার দিয়েছেন।
আর এই টিউবওয়েল পেয়ে আনন্দে আত্মহারা তারা। আবুল কাশেম মিয়ার উপহারের মাধ্যমে এতদিনের কষ্ট লাঘব হলো তাদের।
টিউবওয়েল পাওয়া অসহায় মানুষগুলো বলেন, অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসতে খুব কষ্ট হতো।
স্থানীয় সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম মিয়া আমাদের টিউবওয়েল বসিয়ে দিয়েছে ।
এখন থেকে নামাজের জন্য অজু করতে পারব, পানি খেতে পারব। আমরা খুব খুশি হয়েছি। আল্লাহ তার নেক হায়াত ও কামাই রুজিতে বরকত দিক সবসময় এই দোয়াই করবো।
আলহাজ্ব আবুল কাশেম বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় কিছু অসহায় মানুষ আছে, যাদের কাছে একটি টিউবওয়েল স্থাপন করার মতো সামর্থ্য নেই। তারা দিনের পর দিন অন্যের বাড়ি থেকে পানি এনে পান করেন। তেমনি আমার জন্মভূমি এলাকা উত্তরদিঘলদী, রাজাপুর, ইলিশাসহ বেশকিছু এলাকায় টিউবওয়েল না থাকায় অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসেন এমন একটি তথ্য আমার কাছে আসলে আমি দ্রুত তাদের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেই।
তিনি বলেন, আমি চাই এমন মানুষগুলোর জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে। আমার এ সামাজিক কর্মকাণ্ড একটি চলমান প্রক্রিয়া। টিউবওয়েল দেওয়ার পাশাপাশি যখনই মানুষের অসহায় জীবনের কথা শুনেছি তখনই চেষ্টা করেছি তাদের জন্য কিছু করার। তিনি দেশে ও প্রবাসে সবার কাছে দোয়া চেয়েছেন।
আলহাজ্ব আবুল কাশেম সৌদি আরব প্রবাসী এবং উত্তরদিঘলদীর সন্তান। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়ে চলেছেন প্রতিনিয়ত।
তিনি ভোলার কয়েকটি মসজিদ-মাদ্রাসা ও অনেক অসহায় পরিবারকে টিউবওয়েল থেকে শুরু করে নানাবিধ সহায়তা করে যাচ্ছেন।



