ইতালিতে স্ট্রোক করে প্রাণ হারালেন মুন্সীগঞ্জের ইকবাল দেওয়ান


ইতালি প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার সুরুজ দেওয়ানের ছেলে, ইতালি প্রবাসী ইকবাল দেওয়ান (৩৮) আর বেচে ফিরলেন না। মঙ্গলবার ইতালি সময় সকাল ৯টার দিকে হঠাৎ স্ট্রোক করে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল দেওয়ান প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৮টার দিকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কিন্তু পথিমধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে রোমের সান জুবানি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইকবাল প্রায় তিন বছর আগে কৃষিভিত্তিক (Agriculture) ভিসায় ইতালিতে গিয়েছিলেন পরিবারের মুখে হাসি ফোটাতে। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তিনি পরিবারকে একটু স্বচ্ছল জীবনের স্বপ্ন দেখাতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই মানুষটি এবার ফিরবেন লাশ হয়ে, নিজের মাতৃভূমির মাটিতে শেষ নিদ্রা নিতে।
ইতালিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ইতোমধ্যে তার মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ইকবালের মৃত্যুর খবর পৌছালে টংগীবাড়ীর সুরুজ দেওয়ানের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
ইকবাল দেওয়ান স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইতালিতে ইকবালের পরিচিতরা বলেন, ইকবাল অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। সব সময় মুখে থাকতো হাসি। তার মৃত্যু আমাদের অনেক ব্যাথা দেয়।





