আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির সাথে বাংলাদেশ লেবার পার্টির সংহতি প্রকাশ


ইনসাফ ও মর্যাদা ছাড়া শিক্ষা ব্যবস্থার সংস্কার সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শিক্ষক সমাজ জাতির বিবেক এবং তাঁদের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো উন্নয়ন বা রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
শহীদ মিনারে চলমান শিক্ষক-কর্মচারীদের ন্যায্য আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের যুক্তিসঙ্গত আর্থিক নিরাপত্তা, চাকরির স্থায়িত্ব এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের ন্যায়বোধের প্রকাশ।
আজ ১৮ অক্টোবর (শনিবার) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বছরের পর বছর অনিশ্চয়তা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন, যা ন্যায়সংগত নয় এবং অবিলম্বে সমাধান দাবি করে।
ডাঃ ইরান বলেন, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের জন্য আর্থিক নিরাপত্তা বেষ্টনী তৈরি এবং চাকরির স্থায়ীকরণ এখন সময়ের দাবি। পাশাপাশি ধাপে ধাপে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও মানবসম্পদ উন্নয়ন তখনই সম্ভব যখন শিক্ষকরা মর্যাদাপূর্ণ জীবনযাপন করবেন। ফলে শিক্ষক সমাজের দাবি রাজনৈতিক নয়- এটি জাতির ভবিষ্যৎ নির্মাণের ন্যায়ভিত্তিক দাবি।
ডাঃ ইরান হুঁশিয়ার করে বলেন, শিক্ষকদের ন্যায্য আন্দোলনকে ব্যবহার করে কেউ যদি অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তাহলে জনগণের স্বার্থে বাংলাদেশ লেবার পার্টি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, যাতে শিক্ষা ব্যবস্থা স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ ভিত্তিতে এগিয়ে যেতে পারে।
বিবৃতিতে তিনি শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে সংহতি ও নৈতিক সমর্থন জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের শেখায়- ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতেই গড়ে উঠবে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র।





