আহত নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া


গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (৩০ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য জানান।
তিনি জানান, হামলায় আহত নুরুল হক নুরের সার্বিক শারীরিক অবস্থা জানার জন্য ম্যাডাম তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শায়রুল আরও জানান, খালেদা জিয়া এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হামলার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। তিনি নুরের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি নুরুল হক নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরুল হক নুরসহ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


