৬ সন্তান হারানো সেই দুঃখিনী মায়ের পাশে প্রবাসী আবুল কাশেম


ভোলা প্রতিনিধি: আসমানীদের দেখতে যদি তোমরা কেউ চাও রহিম উদ্দিনের ছোট্ট বাড়ী রসুলপুরে যাও, বাড়ী তো নয় পাখির বাসা ভেরণা পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি সেই পল্লীকবি জসিমউদদীনের কবিতার অংশ বিশেষের মতই আরেক আসমানীর দেখা মিলেছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যাম্পুর গ্রামের ছোট্ট একটি জরা’জীর্ণ ঘরে।
আসমানী নয় এখানে আছেন সবুরা বেগম। জনমদুঃখীনি ছবুরা-বেলাল দম্পতির আদরের ৬ সন্তান একে একে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সন্তানদের শোকে পাথরে পরিণত হয়েছে এ দম্পতি। দুইটি কন্যা সন্তান বেঁচে থাকলেও একজন প্রতিবন্ধী। সন্তানদের হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন এ দম্পতি। ছোট্ট যে জরাজীর্ণ ঘরে বসবাস করে সে ঘরটি নয় যেন একটি মরণফাঁদ। যে কোন সময় মাটির সাথে মিশে যেতে পারেন জরাজীর্ণ সে ঘর। একদিকে ঘর নেই অন্যদিকে ঘরে খাবার নেই এ ভাবেই দিন কাটে এ পরিবারের।
সরজমিনে গিয়ে বিস্তারিত ভিডিও প্রকাশ করলে সৌদি আরব প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম ওই পরিবারের পাশে দাড়িয়েছে।
প্রবাসী আলহাজ্ব আবুল কাশেম পরিবারের সবার জন্য নতুন পোশাক, এক মাসের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
আনন্দের সাথে প্রবাসী আবুল কাশেমের উপহার গ্রহণ করে একটি ঘরের জন্য আকুতি জানিয়েছেন ছবুরা বেগম।





