ক্যাম্পাস

সাজিদ আব্দুল্লাহসহ ৩২৭ হাফেজকে ইবি ছাত্রশিবিরের সংবর্ধনা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহসহ ৩২৭ কুরআনে হাফেজকে সংবর্ধনা দিয়েছে শাখা ইসলামি ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে হাফেজদের মাঝে ক্রেস্ট ও অর্থসহ আল-কুরআন উপহার দেয় সংগঠনটি।

জানা যায়, গত মে মাসে সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন সংগ্রহ করে ছাত্রশিবির। এতে বিভিন্ন বিভাগের মোট ৩২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে শ্বাসরোধে নিহত সাজিদ আব্দুল্লাহও রেজিস্ট্রেশন করেন। অনুষ্ঠানে নিহতের পরিবারের নিকট উপহার পৌঁছে দিবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘সাজিদ আব্দুল্লাহ কুরআনের হাফেজ ছিলেন। আজ তাকে পাশে না পেয়ে আমরা ব্যথিত। তার উপহার পরিবারের কাছে পাঠানো হবে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। মৃত্যুর ৪০ দিন পার হলেও এখনও তার হত্যাকারীরা শনাক্ত হয়নি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দ্রুত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।’

অনুষ্ঠানে প্রধান আলোচক অধ্যাপক ড. আ.ছ.ম. তরিকুল ইসলাম বলেন, কুরআন শুধু একটি গ্রন্থ নয়, এটি জীবন পরিচালনার পূর্ণাঙ্গ সংবিধান। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।” আপনারাই এ হাদিসের বাস্তব প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, আপনারা সমাজের অমূল্য সম্পদ। এখন দায়িত্ব আপনাদের এই জ্ঞানকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে ছড়িয়ে দেওয়া এবং কুরআনের আলো দিয়ে শান্তিময় সমাজ গঠন করা। আপনাদের মাধ্যমে সমাজে কুরআনের আলো আরও ছড়িয়ে পড়বে।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কুরআন পড়ার পরে কারো মাথার ভেতর যদি ঢুকে যে এটা পড়ে একটা চাকরি করে খাবো। তাহলে এটা হলো আপনার জন্য কুফুরী। কোরআন শিখে যারা এটার প্রচার, প্রসার এবং মানুষের কাছে এর আহ্বানটুকু পৌঁছায় না তাদেরকে কিয়ামত দিন আল্লাহ তায়ালা অন্ধ করে উঠাবেন। নাস্তিকদের আগ্রাশনের কারণে এবং সাংস্কৃতির হিজোমনির কারণে তারা নিজেদের অস্তিত্বকে হারিয়ে নিজেকে হাফেজে কুরআন হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে অনেকে আমরা দেখেছি। যদি কেউ হাফেজে কোরআন হয় কেয়ামতের ময়দানে তার অনেক মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে তাকে মুকুট পরানো হবে । সে তেলাওয়াত করতে থাকবে যত দূর তেলাওয়াত করবে আল্লাহ তা’আলা জান্নাতে তাকে ততদুর স্থান বরাদ্দ দিবেন। আমাদের মত গায়েরে হাফেজদের জন্য তো এই সৌভাগ্য নাই আপনারা যারা হাফেজ হয়েছেন আল্লাহ তায়ালা আপনাদের এই সৌভাগ্যতা অর্জন করার সুযোগ দিয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আব্দুল মান্নান, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন, এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য অতিথিরা।

এই বিভাগের আরও সংবাদ