মোংলায় লাইটার জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ ১


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু (কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে মোঃ রাব্বি নামক কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায়। তারপর লাইটারের অন্য কর্মচারীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।
এমভি শোভা লাইটার মাস্টার মুজ্জাফর মোল্লা জানায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করে ঢাকার যাওয়ার জন্য তারা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে অপেক্ষা করছিলেন। সকালে কর্মচারী মোঃ রাব্বি রান্নাঘর থেকে চা খেতে খেতে ডেকের দিকে যাওয়ার সময় অসাবধানতাবসত নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে পরে না পেয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। নিখোঁজ লাইটারের কর্মচারী মোঃ রাব্বি বরিশালের বাঁকেরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানান লাইটারের মাস্টার মুজ্জাফর। এক বছর আগে এখানে ক্রু হিসেবে এমভি শোভা লাইটারে যোগদান করেন তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।





