বাগেরহাট

বাগেরহাটে সরকারি খাল অবমুক্তকরণের দাবিতে অবস্থান কর্মসূচি

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: সরকারি খাল অবমুক্তকরণ এবং খাল দখলদারদের উচ্ছেদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাগেরহাটের সাধারণ মানুষ। বুধবার (২০ আগস্ট) সকালে জেলা শহরের ব্যস্ততম দশানী ট্রাফিক মোড়ে কয়েক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবস্থান কর্মসূচিতে কৃষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, পেশাজীবীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। তারা খাল দখলমুক্ত করে কৃষি ও মাছ চাষে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা সদস্য ও যুব বিভাগের সভাপতি মুঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল তরফদার, কৃষক ফিরোজ আলী, ছাত্র রাফিসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে সরকারি খাল দখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি মাছ চাষ ও বিভিন্ন ব্যবসা পরিচালনা করছে। এতে কৃষি, মৎস্যচাষ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।

মুঞ্জুরুল হক রাহাত বলেন, বাগেরহাট মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে লক্ষ লক্ষ মানুষ কৃষি ও মাছ চাষের ওপর নির্ভরশীল। অথচ অসাধু মহল সরকারি খাল দখল করে রাখায় চাষিরা প্রতিবছরই ক্ষতির সম্মুখীন হচ্ছে। খাল অবমুক্ত হলে সাধারণ মানুষও মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে।

বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, একসময় আমি একাই খাল দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলেছি, আজ বাগেরহাটের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। প্রশাসনের প্রতি আমাদের দাবি, জেলার সব সরকারি খাল অতি দ্রুত অবমুক্ত করতে হবে।

কৃষকরা বলেন, আমরা ধান ও সাদা মাছ চাষ করি। কিন্তু খাল দখলদাররা অনেক সময় লবণ পানি প্রবেশ করিয়ে দেয়, এতে আমাদের ফসল ও মাছ নষ্ট হয়ে যায়। প্রায় প্রতিবছরই আমরা লোকসানের মুখে পড়ি। তাই খাল দ্রুত মুক্ত করার বিকল্প নেই।

বক্তারা আরও অভিযোগ করে বলেন, সরকারি খাল দখল হয়ে যাওয়ায় কৃষি কাজ ব্যাহত হচ্ছে, পানি নিষ্কাশন ব্যবস্থায় স্থবিরতা দেখা দিয়েছে, এমনকি নৌপথে পরিবহনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খালগুলো দ্রুত অবমুক্ত না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এই বিভাগের আরও সংবাদ