সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড


সুমন,স্টাফ রিপোর্টারঃসমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট “এফবি মায়ের দোয়া”সহ ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গত ১৪ আগস্ট “এফবি মায়ের দোয়া” নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, রবিবার সকলে ঐ বোটের একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ ফোন করে বিষয়টি জানালে তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দ্রুত সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয় নম্বর-৫ সমুদ্র এলাকা থেকে ৮ জন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।





