সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে চিতলমারী প্রেসক্লাব সাংবাদিকদের মানববন্ধন


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাবের সংবাদকর্মী ও এলাকার সুধীজন। সোমবার (১১ আগস্ট) সকাল পৌনে ১১টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ প্রতিনিয়ত সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আসাদুজ্জামান তুহিনকে হত্যা মানে একজন সংবাদকর্মীর কণ্ঠরোধ করা নয়, এটি সমগ্র গণমাধ্যম ও দেশের সাধারণ জনগোষ্ঠীর প্রতি হুমকি। যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে প্রচলিত আইনের আওতায় এনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডে দণ্ডিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন—চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোঃ একরামুল হক মুন্সী, সাংবাদিক সৈকত মণ্ডল বাগেরহাট জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন,
সাংবাদিক পংকজ মণ্ডল প্রতিনিধি দৈনিক যায় যায় দিন, সাংবাদিক বাদশা মুন্সী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চিতলমারী প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম সহিদুল হক টিপু, সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মণ্ডল অলিপ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তানজির মুন্সী, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর মণ্ডল, ক্রীড়া সম্পাদক মোঃ রাজু মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
মানববন্ধনে সাংবাদিক তুহিনের রুহের মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।





