খুলনার গল্লামারীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান ; ৫ আগষ্ঠ মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর গল্লামারী আলকাতরা মিলের নিকটে এসওএস শিশুপল্লীতে শেখ জাদী ইসরাত জাহান ওরফে ইশা নামের ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
একটি সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে ইশাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।
তখন প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইশা সোনাডাঙ্গা থানাধীন আল আমিন মহল্লার আঃ খালেক শেখের মেয়ে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি কোনো সাধারণ মৃত্যু বা আত্মহত্যা নয় ; বরং এটি একটি পরিকল্পিত হত্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, ইশার ছোটবেলায় তার মা মারা যান, এরপর তাকে খুলনার এসওএস, শিশু পল্লীতে আশ্রয় দেওয়া হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, ইশার জীবনে অনেক প্রতিকূলতা থাকলেও আত্মহত্যার মতো কোনো লক্ষণ দেখা যায়নি তার মধ্যে।
এসওএস শিশু পল্লীর প্রধান বিশ্বজিৎ কুমার মন্ডলের সাথে শেখ জাদী ইসরাত জাহানের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, এসওএস শিশু পল্লীর মেয়েটির মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।



