খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত


খুলনা ব্যুরো :খুলনায় দুর্বৃত্তের গুলিতে সোহেল (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। ৩ আগষ্ট রবিবার রাত পৌনে ৮ টার দিকে ২ নং কাষ্টমঘাট এলাকার একটি সেলুনের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত সোহেল একই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া স্বপন শিকদারের ছেলে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনার সময়ে আহত উক্ত যুবক ২ নং কাষ্টমঘাট এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি সেলুনের সামনে অবস্থান করছিল। এ সময়ে ৪/৫টি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী (যাদের সকলের মুখ বাঁধা এবং হেলমেট দিকে ঢাকা ছিল) সোহেলকে লক্ষ্য করে গুলি ছুড়লে একটি তার পেটে বিদ্ধ হয়।
এ সময়ে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদক আইনে ৪ টি মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ আবু তারেক বলেন, আহত স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। মাদক এবং টাকার লেনদেন নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।





