খুলনা

খুলনার দিঘলিয়ায় ডাকাতচক্রের সদস্যসহ গ্রেফতার ৪

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ডাকাত দলের ২ সদস্য ও ২ শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে।

১ আগস্ট শুক্রবার রাত ১০ টা হতে সাড়ে ১০টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন, (ই), বিপিএম-সেবা, বিএন এবং দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীনের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশ সদস্যের সমন্বয়ে দিঘলিয়া উপজেলাস্থ সেনহাটি ইউনিয়নের অন্তর্গত আদর্শপল্লী বাইদা পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ডাকাত চক্রের ২ জন সদস্য জামাই আল-আমিন, পিতাঃ সেলিম হোসেন এবং মোঃ ফয়সাল, পিতাঃ উজির আলী কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার ১টি এবং মোবাইল ফোন ১টি উদ্ধার করা হয়।

পরবর্তীতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ আগস্ট শুক্রবার রাত ১১ টা ১০ মিনিট হতে ২ আগস্ট শনিবার রাত ২ টা ১০ মিনিট পর্যন্ত একই এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী কানা শান্ত, পিতা- মুরাদ হোসেন এবং তার সহযোগী সাজ্জাদ গাজি, পিতা- শাহীন গাজি কে তাদের বাড়ি তল্লাশি করে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীদের নামে থানায় একাধিক খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি এবং মাদক মামলাসহ বিভিন্ন ধরণের অপরাধের অভিযোগ রয়েছে।

উপরোল্লিখিত ডাকাত দলের সদস্যগণ গত ১ আগস্ট শুক্রবার ভোর ৫ টা ২০ মিনিটের দিকে মোঃ বক্কার হোসেন (ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীরত) গ্রামঃ সেনহাটি আদর্শ পল্লী এর বাড়িতে সশস্ত্র অবস্থায় ঘরে ঢুকে ঘরে থাকা আলমারি ভেঙে হাতের রিং (আংটি) ১টি, কানের দুল ২টি, পায়ের নুপুর ৩টি, নাকফুল ১টি এবং সাথে থাকা মোবাইল ২টি নিয়ে চলে গিয়েছিল।

উল্লেখ্য, উক্ত ডাকাতি ঘটনার সাথে সম্পৃক্ত আরো ২ জন সদস্য মোঃ যুবরাজ, পিতাঃ সোহাগ হোসেন এবং মোঃ সাকিব হোসেন পলাতক রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ