১ দিনের ব্যবধানে খুমেক হাসপাতালে করোনা আক্রান্ত ২ জনের মৃত্যু


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : একদিনের ব্যবধানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মোঃ রকমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
এর একদিন আগে বুধবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রতিকান্ত ডাকুয়া (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডাঃ খান আহমেদ ইশতিয়াক গণমাধ্যম কর্মীদের জানান , বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মো. রকমান নামে এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ারের ছেলে। এ নিয়ে চলতি বছরে এপর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চার জন রোগীর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই সোমবার ভোর রাতে করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয় ।
উক্ত যুবকের নাম দীপ রায় (২৫)। তিনি ছিলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।আল আমিন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় রোগী।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডাঃ খান আহমেদ ইশতিয়াক গণমাধ্যমকর্মীদের জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা আল আমিন বৃহস্পতিবার( ২৪ জুলাই) বেলা ১১টায় করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি হন। কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তার চিকিৎসা চলছিল। পরে রাত ৮টায় তার মৃত্যু হয়।





