সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপের জামায়াত আমীর নিহত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :১৯ জুলাই শনিবার দুপুরে অনুষ্ঠিতব্য ঢাকার সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু সাঈদ।
১৮ জুলাই শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরের পিছনে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে উক্ত দুর্ঘটনা ঘটে। এ সময় আনিসুর রহমান ও মোঃ কামাল হোসেন নামে আরও দু’জন আহত হন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দুজনের মধ্যে আনিসুর রহমানের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে ।
খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুন্সি মঈনুল ইসলাম বলেন, শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে রওনা দেন। রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় গাড়িবহর যাত্রা বিরতিতে ছিল। মাওলানা আবু সাঈদ বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে পেছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ মারা যান।





