রাজধানী

৩৭ হাজার পিস ইয়াবা জব্দ, দুই নারীসহ আটক- ৪

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : ঢাকা-মাওয়া মহাসড়কের ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় সাঁইত্রিশ হাজার সত্তর পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক প্রায় এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ ভোর সোয়া ৬ টার দিকে ” কক্সবাজার থেকে নিউ বলেশ্বর নামক এসি বাসে” তল্লাশি চালিয়ে ইয়াবার এই চালানটি আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আজ মঙ্গলবার বিকেলে র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর সোয়া ৬ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্প, মুন্সিগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে “নিউ বলেশ্বর” নামক এসি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ থেকে মাওয়ার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজার ঢাকা-মাওয়া মহাসড়কের ওই স্হানে বাসটি থামিয়ে অভিযান চালিয়ে আনুমানিক প্রায় এক কোটি এগারো লক্ষ একুশ হাজার টাকা মূল্যমানের সাঁইত্রিশ হাজার সত্তর পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- খুলনা জেলার দৌলতপুর থানার দৌলতপুর আঞ্জুমান রোডের রানা বেগের স্ত্রী জ্যোতি খাতুন (২৫), একই এলাকার মৃত মোতালেব বেগের পুত্র রানা বেগ (৩৫), বরিশাল জেলার বানারিপাড়া থানার খোদাবক্স গ্রামের জাহাঙ্গীর মোল্লা’র পুত্র মোঃ সোহেল মোল্লা (৩৩) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার
ধাওয়া গ্রামের মৃত হারুন-অর-রশিদ এর মেয়ে
শান্তা ইসলাম (২৫)।

র‌্যাব-১০ জানিয়েছে, আটককৃত আসামিদের কাছ থেকে ৩৭,০৭০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয়-বিক্রয়ের ১০ হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোন সেট উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত। প্রকাশ থাকে যে, আসামী জ্যোতি খাতুন (২৫) কে শালীনতার সহিত তল্লাশীকালে তার শরীরে হলুদ টেপ দিয়ে বাধা হলুদ রং এর টেপ দিয়ে মোড়ানো তিনটি শপিং ব্যাগের ভেতর ১৮৬টি এয়ারটাইট নীল পলিপ্যাকের ভিতরে হালকা কমলা রং এর সর্বমোট ৩৭,০৭০ পিস ইয়াবা ট্যাবলেট, আসামী রানা বেগ (৩৫) এর নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের ১০ হাজার টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৬টি মোবাইল উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’কে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ