খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা: গ্রেফতার ১

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের বহিস্কৃত সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকান্ডে জড়িতদের মাহবুবের অবস্থান সংক্রান্ত তথ্য জানানোর অভিযোগে পুলিশ সজল (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার রাত সোয়া ২ টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজল উক্ত এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে। উক্ত এলাকায় তার মুদি দোকানের ব্যবসা ছিল।
সজলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, কিলিং মিশনে তার অংশগ্রহণ ছিল না। কিন্তু মাহাবুবের অবস্থান সম্পর্কে খুনীদের যাবতীয় তথ্য দিয়েছে সজল। তার তথ্যের ওপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহবুবকে নির্মমভাবে গুলি এবং পায়ের রগ কেটে হত্যা করে। এ হত্যাকান্ডের ব্যাপারে সজল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছেনা। প্রসঙ্গত, ১১ জুলাই শুক্রবার দুপুরে খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে কুপিয়ে পায়ের রগ কেটে চলে যায় দুর্বৃত্তরা। মাহবুব উক্ত এলাকার আঃ করিমর ছেলে।
মাহবুবকে হত্যার বিষয়টি তরঙ্গ নিউজকে নিশ্চিত করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী।





