এসএসসি’তে কেসিসি পরিচালিত ৩ শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : এবারের এসএসসি পরীক্ষায় খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুল (বাংলা ও ইংরেজী মাধ্যম), খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুল ও নয়াবাটী হাজী শরিয়তউল্লাহ বিদ্যাপীঠ এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন করেছে।
কেসিসি প্রশাসক ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মো: ফিরোজ সরকার শতভাগ পাশের গৌরব অর্জন করায় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান সহ স্কুল পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান এবং আগামীতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইসলামাবাদ কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় সর্বমোট ১’শ ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ৫৯ জন শিক্ষার্থী।
খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল থেকে ৩টি বিভাগে সর্বমোট ৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩৬জন। উল্লেখ্য, নগরীর খালিশপুরে স্থাপিত এ শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ সাল থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়।
নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ থেকে ৩টি বিভাগে ১’শ ৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯ জন।
এছাড়া কেসিসি পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৯৬.৫৮ শতাংশ। ৩টি বিভাগ থেকে সর্বমোট ৪’শ ১১ জন শিক্ষার্থী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩’শ ৯৫জন উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ১’শ ৫৫জন।





