দেশের বাইরে এসএসসি শিক্ষার্থীদের পাসের হার ৮৭.৩৫ শতাংশ


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। এদিন দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৬৮.৪৫ শতাংশ। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এই হার ছিল ৮৩.০৪ শতাংশ, যা তুলনামূলকভাবে এ বছর উল্লেখযোগ্য হারে কমেছে। তবে বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফল করেছেন। এ বছর বিদেশ থেকে মোট ৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৭৩ জন উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন ৫৪ জন। সেই হিসেবে বিদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৭.৩৫ শতাংশ।
একযোগে ফলাফল প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড। ফলাফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন না থাকলেও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।





