কিট না থাকায় খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় র্যাপিড এ্যান্টিজেন কিট সংকটের কারণে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে।
দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খুলনা, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনায় গত ৪ দিনে আক্রান্ত হয়েছেন ৪ জন। ইতোমধ্যে , কিট সংকটের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জুন বৃহস্পতিবার দুপুর থেকে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে শুক্রবার (২০ জুন)ও করোনা পরীক্ষা সম্ভব হয়নি । একই কারণে খুলনা জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও পরীক্ষা চালু হয়নি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডাঃ খান আহমেদ ইশতিয়াক জানান, “করোনা পরীক্ষার কিট শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে।
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বিকল থাকায় সেখানে পরীক্ষা করা যাচ্ছে না। জরুরিভাবে কিট চেয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিট পাওয়া মাত্র পুনরায় পরীক্ষা শুরু হবে। আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।





